প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
ভাঙ্গায় বাস উল্টে সুপারভাইজারসহ নিহত ২
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ২ জন নিহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতদের একজন বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের বাসটি একটি পেট্রোল পাম্পে জ্বালানি নেওয়ার জন্য ঢোকার চেষ্টা করছিল। ওই সময় পাম্প থেকে একটি মুরগিবোঝাই পিকআপ ভ্যান বেরিয়ে এলে সংঘর্ষ এড়াতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের ওপর উল্টে পড়ে।
ঘটনাস্থলেই বাসের নিচে চাপা পড়ে সুপারভাইজারসহ দুজন প্রাণ হারান। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নির্বাচনের আগের দিন মহাসড়কে এমন মর্মান্তিক দুর্ঘটনা যাত্রী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।
Copyright © 2026 All rights reserved.