প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ
টাঙ্গাইলের ভূঞাপুরে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও হুমকির অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে।
গত সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার মেঘার পটল গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে টাঙ্গাইল আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এই অভিযোগকে পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মেঘার পটল গ্রামের নাজমুলের বাড়িতে শহিদুলসহ চারজন ব্যক্তি নির্বাচনী প্রচারণায় যান। বাড়িতে পুরুষ সদস্য না থাকায় গৃহবধূ তাদের ফিরে যেতে বলেন। একপর্যায়ে তারা ওই নারীকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। গৃহবধূ নিজেকে ভোটার নয় বলে দাবি করেন এবং তাঁর পরিবার ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেবে বলে জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত শহিদুল হঠাৎ গৃহবধূকে জাপটে ধরেন এবং শ্লীলতাহানি করেন।
গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। যাওয়ার সময় বিষয়টি জানাজানি করলে তাঁকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে বলা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত চারজন হলেন—শহিদুল, সোহেল, এনামুল ও আল আমিন। এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির আবদুল্লাহ আল মামুন জানান, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে এটি একটি সাজানো নাটক। অন্যদিকে, ভূঞাপুর থানার এসআই মেরাজুল ইসলাম রুবেল জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 All rights reserved.