প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
নির্বাচন ঘিরে রোহিঙ্গা ক্যাম্প ‘লকডাউন’: বের হওয়া নিষেধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো স্বার্থান্বেষী মহল যাতে রোহিঙ্গাদের নাশকতামূলক কাজে বা জাল ভোট প্রদানের ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য ক্যাম্পগুলো কার্যত সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকে নির্বাচনের পরবর্তী সময় পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।
নির্বাচন কমিশনের গোয়েন্দা তথ্য মতে, উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে সক্রিয় আরসা (ARSA) বা আরএসও-র (RSO) মতো সশস্ত্র গোষ্ঠীগুলো ভোটের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই ঝুঁকি এড়াতে একগুচ্ছ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনার আওতায় রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের হওয়া সম্পূর্ণ বন্ধ থাকবে এবং ক্যাম্পের অভ্যন্তরে সব ধরনের যান চলাচল স্থগিত করা হয়েছে। জনসমাগম এড়াতে বালুখালী, লেদা ও নয়াপাড়ার মতো বড় বাজারগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ক্যাম্প এলাকায় নজরদারির জন্য প্রতিটি চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ চিরুনি অভিযান শুরু হয়েছে। এনজিও কর্মীদের চলাচল সীমিত করার পাশাপাশি মসজিদের ইমাম ও মাঝিদের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। মাঠ পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোবাইল কোর্ট নিয়োজিত রাখা হয়েছে। ৯ লাখ ৪৩ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের একটি বড় অংশই সীমান্ত ও ক্যাম্প এলাকায় দায়িত্ব পালন করছেন।
Copyright © 2026 All rights reserved.