প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র
আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানিয়েছেন, বাংলাদেশের জনগণ যাকে সরকার হিসেবে নির্বাচিত করবে, ওয়াশিংটন তার সঙ্গেই কাজ করবে। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকাকে বিকল্প প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের প্রস্তাবও দিয়েছেন তিনি।
নির্বাচনের প্রাক্কালে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, "গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশি জনগণের রায়ে যে সরকারই ক্ষমতায় আসুক, আমরা তাদের স্বাগত জানাব।" প্রতিবেদনে উল্লেখ করা হয়, এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে, যেখানে বিভিন্ন জরিপে বিএনপি এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সাক্ষাৎকারে রাষ্ট্রদূত আরও জানান যে, ওয়াশিংটন বাংলাদেশের প্রতিরক্ষা খাতে চীনের ওপর নির্ভরশীলতা কমাতে আগ্রহী। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বাংলাদেশকে উন্নত সামরিক সরঞ্জাম দেওয়ার প্রস্তাব দিচ্ছে। তবে চীনের পক্ষ থেকে এর কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ ও চীনের কৌশলগত সম্পর্ক কোনো তৃতীয় পক্ষকে উদ্দেশ্য করে নয় এবং এই দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ তারা মেনে নেবে না। নির্বাচনের ঠিক আগের দিন বিশ্বশক্তির এমন পাল্টাপাল্টি অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
Copyright © 2026 All rights reserved.