প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
টেকনাফে ‘দাঁড়িপাল্লা’র নির্বাচনী কার্যালয়ে আগুন
ভোটের ঠিক আগের দিন কক্সবাজারের টেকনাফে দাঁড়িয়েপাল্লা প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে নৌবাহিনী, বিজিবি ও পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নির্বাচনী কাজ শেষে নেতাকর্মীরা অফিস ত্যাগ করার পর শেষ রাতের দিকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মো. আলম জানান, পরিকল্পিতভাবে এই নাশকতা চালানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান চৌধুরী সংশ্লিষ্টদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। এদিকে কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদু রহিম নুরী এলাকাটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.