প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
কক্সবাজার-৩: প্রার্থীর সমর্থন প্রত্যাহার করলো লেবার পার্টি
ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে কক্সবাজার-৩ (আসন ২৯৬) এলাকায় নাটকীয় মোড় নিয়েছে রাজনীতি। এই আসনে নিজেদের মনোনীত প্রার্থী জগদিশ বড়ুয়ার ওপর থেকে দলীয় সমর্থন প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান স্বাক্ষরিত এক চিঠিতে কক্সবাজার জেলা রিটার্নিং অফিসারকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক স্বার্থে জাতীয় নির্বাহী কমিটি এবং নির্বাচন পরিচালনা কমিটি যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। চিঠিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে যেন জগদিশ বড়ুয়া নির্বাচনের দিন দলের নাম বা বরাদ্দকৃত প্রতীক ‘আনারস’ ব্যবহার করে কোনো প্রকার প্রচার-প্রচারণা, এজেন্ট নিয়োগ বা ভোটকেন্দ্রে কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারেন।
এই সিদ্ধান্তের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। দলীয় সমর্থন হারানোর বিষয়ে প্রতিক্রিয়া জানতে জগদিশ বড়ুয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। নির্বাচনের অন্তিম মুহূর্তে এমন সিদ্ধান্তে আসনটির সমীকরণে বড় ধরনের পরিবর্তনের আভাস দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Copyright © 2026 All rights reserved.