প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
গাইবান্ধায় নির্বাচনী সরঞ্জামসহ পুকুরে উল্টে গেল গাড়ি
ভোটের সরঞ্জাম নিয়ে কেন্দ্রে যাওয়ার পথে গাইবান্ধা সদরে একটি যাত্রীবাহী ভটভটি উল্টে পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গাড়িতে নির্বাচনী মালামালের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা থাকলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার তালতলা বাজার ভোটকেন্দ্রের জন্য বরাদ্দকৃত নির্বাচনী সরঞ্জাম নিয়ে ভটভটিটি গন্তব্যে যাচ্ছিল। পথিমধ্যে সোলাগাড়ি এলাকায় হঠাৎ চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে মালামালসহ দায়িত্বরতদের উদ্ধার করেন।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মিস লাইলাতুল হোসেন জানান, দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি এবং নির্বাচনী সরঞ্জামগুলোরও কোনো ক্ষতি হয়নি। উদ্ধার কার্যক্রম শেষে বিকল্প ব্যবস্থায় সব মালামাল ও কর্মকর্তাদের নিরাপদে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাচনের আগের দিন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Copyright © 2026 All rights reserved.