প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
জামায়াত আমিরের ওপর নির্যাতনের অভিযোগ, তোপের মুখে এসপি
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করার পর তাঁর ওপর অমানবিক নির্যাতন ও হেনস্তার অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলটি দাবি করেছে, নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) এস কে জাহিদুল ইসলাম তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেছেন, যার ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। জামায়াত এই ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘নির্বাচনী অপপ্রচার’ হিসেবে আখ্যায়িত করেছে।
জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, বেলাল উদ্দিন ব্যবসায়িক প্রয়োজনে নগদ টাকা নিয়ে ঢাকা থেকে বিমানে করে নিজ এলাকায় ফিরছিলেন। ঢাকা বিমানবন্দরে কাস্টমস ও কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় অনাপত্তি নিয়েই তিনি রওয়ানা হয়েছিলেন। তবে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর কোনো কারণ ছাড়াই তাঁকে আটক করে নীলফামারী জেলা পুলিশ সুপার এস কে জাহিদুল ইসলাম হেনস্তা ও নির্যাতন করেন। অতিরিক্ত নির্যাতনের ফলে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
বিবৃতিতে নীলফামারীর এসপি জাহিদুল ইসলামকে ‘ফ্যাসিবাদের দোসর’ এবং ভারতের আশ্রয়ে থাকা সাবেক ডিবি প্রধান মনিরুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি করা হয়েছে। জামায়াতের অভিযোগ, নির্বাচনের আগে দলের জনসমর্থনে ভীত হয়ে ‘জঙ্গি নাটক’ সাজানোর অংশ হিসেবে এই অপপ্রচার চালানো হচ্ছে। দলটি অবিলম্বে এসপি জাহিদুল ইসলামের প্রত্যাহার এবং এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। একই সাথে তারা গণমাধ্যমকে কেবল পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে ‘মিথ্যা প্রচারণা’ না চালানোরও আহ্বান জানিয়েছে।
Copyright © 2026 All rights reserved.