প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
পার্বত্য অঞ্চলে হেলিকপ্টারে পৌঁছালো ভোটের সরঞ্জাম ও জনবল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার মিশনের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছে দেওয়া হয়েছে।
গত ৭ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ৩৪টি দুর্গম কেন্দ্রে মোট ২৮টি সফল মিশনের মাধ্যমে প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ৬৪২ জনকে নিরাপদে গন্তব্যে পৌঁছানো হয়েছে। পাশাপাশি ৫ হাজার ৪৪৬ কেজি সরঞ্জাম ও ব্যালট বক্স পরিবহন করা হয়েছে।
দুর্গম পাহাড়ি অঞ্চলে নির্বাচনী কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এই অপারেশন পরিচালনা করছে বিমান বাহিনী। বরকল, থানচি, রুমা এবং আলীকদমের মতো দুর্গম এলাকায় মোট ৮টি বিভিন্ন মডেলের হেলিকপ্টার (এমআই-১৭, এডব্লিউ-১৩৯ এবং বেল-২১২) ব্যবহার করা হয়েছে। বিমান বাহিনী জানিয়েছে, ভোট গ্রহণ শেষে আগামী ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুনরায় ফিরিয়ে আনতে একই ধরণের মিশন পরিচালনা করা হবে।
নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এবারই প্রথম আধুনিক প্রযুক্তির ব্যবহার করছে বিমান বাহিনী। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো পর্যবেক্ষণের জন্য মানববিহীন আকাশযান বা ইউএভি (UAV) মোতায়েন করা হয়েছে। এই ড্রোনগুলোর লাইভ ভিডিও সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়, নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় কক্ষে সম্প্রচার করা হচ্ছে। ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি দিনভর এই আকাশপথে নজরদারি ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.