প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
জামায়াত নেতার অর্থকাণ্ড: ইনসাফের বয়ান নিয়ে বিএনপির প্রশ্ন
সৈয়দপুর বিমানবন্দরে বিপুল অর্থসহ জামায়াত নেতা আটকের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন মন্তব্য করেছেন যে, ভোটের ঠিক আগের দিন এত বড় অংকের লেনদেন কোনোভাবেই ‘বিচ্ছিন্ন ঘটনা’ নয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনাকে নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন এবং অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবে আখ্যায়িত করেন।
সংবাদ সম্মেলনে মাহাদী আমিন বলেন, যেখানে নির্বাচনের কারণে টানা চারদিন ধরে সব ধরণের ব্যবসায়িক ও ব্যাংক লেনদেন বন্ধ রয়েছে, সেখানে জামায়াতের একজন জেলা পর্যায়ের শীর্ষ নেতা এত টাকা নিয়ে কেন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তিনি জামায়াতের প্রতি ইঙ্গিত করে বলেন, "যারা ইনসাফ ও দুর্নীতিমুক্ত সমাজের কথা বলেন, টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই বয়ানের সাথে কতটা সংগতিপূর্ণ?"
মাহাদী আমিন আরও উল্লেখ করেন যে, এটি কেবল একটি ঘটনা নয়; দেশের বিভিন্ন এলাকায় এমন অবৈধ অর্থসহ আরও অনেককে আটক করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপির অনিবার্য বিজয় ঠেকাতে একটি বিশেষ গোষ্ঠী মরিয়া হয়ে অর্থের খেলায় নেমেছে বলে তিনি অভিযোগ করেন। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে নির্বিকার না থেকে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে বিএনপি। দলটির মতে, এ ধরণের ঘটনা রাজনৈতিক দলগুলোর নৈতিক দেউলিয়াত্বই প্রকাশ করছে।
Copyright © 2026 All rights reserved.