প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
চাঁদপুরে নারী কেন্দ্রে কেবলই নারী কর্মকর্তা
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ৫৪ বছরের এক পুরনো প্রথা ভাঙতে এক অনন্য উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে দীর্ঘ পাঁচ দশক ধরে নারীদের ভোট না দেওয়ার চল থাকলেও এবারের নির্বাচনে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে ৮টি বিশেষ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পুলিশ, আনসার এবং এমনকি ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করবেন শুধুমাত্র নারীরা।
ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নে সত্তরের দশক থেকে জৈনপুরের পীরের নির্দেশনায় নারীদের ভোটকেন্দ্রে যাওয়া বন্ধ ছিল। হাট-বাজার বা অন্যান্য কাজে নারীদের বিচরণ থাকলেও ভোটের দিনে তাঁরা বাড়িতেই থাকতেন। এই অচলায়তন ভাঙতে এবার রূপসা দক্ষিণ ইউনিয়নের ৮টি কেন্দ্রে ১০ হাজার ২৯৯ জন নারী ভোটারের জন্য পর্দা মেনে ভোটদানের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সেটু কুমার বড়ুয়া জানান, নারীরা যাতে কোনো ধরণের সংকোচ ছাড়াই ভোট দিতে পারেন, সেজন্য ২০টি বুথের সব দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে নারীদেরই নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি প্রার্থীদের পোলিং এজেন্ট হিসেবেও নারীদের রাখার অনুরোধ জানানো হয়েছে। প্রশাসনের এই ব্যতিক্রমী ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপের ফলে ৫৪ বছর পর ওই এলাকার নারীরা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.