প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
নির্বাচন পর্যবেক্ষণ ও ভোটদান শেষে প্রধান উপদেষ্টা: ‘আজ মুক্তির উৎসব’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে সকাল ১০টা ২৭ মিনিটে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোটদান শেষে সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়ায় তিনি আজকের দিনটিকে ‘নতুন বাংলাদেশের জন্মদিন’ ও ‘দুঃস্বপ্ন থেকে মুক্তির উৎসব’ হিসেবে অভিহিত করেছেন।
পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোটের চিত্র দেখার সময় প্রধান উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইজিপি বাহারুল আলম। সেখান থেকে ভোটকেন্দ্রগুলোর লাইভ ফিড পর্যবেক্ষণ করে তিনি সন্তোষ প্রকাশ করেন। এরপর গুলশানে ভোট দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, "এই নির্বাচনের মাধ্যমে আমরা অন্ধকার অতীতকে চিরতরে বর্জন করলাম। আজ থেকে প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হলো।" তিনি বিশেষভাবে সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমেই আগামীর বাংলাদেশের চূড়ান্ত রূপান্তর নিশ্চিত হবে।
সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দলের ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার আজ নির্ধারণ করছেন দেশের ভবিষ্যৎ সরকার। তবে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর আকস্মিক মৃত্যুতে ওই আসনের ভোট স্থগিত করা হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং নিরাপত্তা নিশ্চিতে মাঠে নিয়োজিত রয়েছে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
Copyright © 2026 All rights reserved.