প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
যশোরে ভোটকেন্দ্রে সিল চুরি: ভোটারদের ভোগান্তি
যশোরের রেল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একটি অফিসিয়াল সিল চুরির অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কেন্দ্রের একটি নারী বুথ থেকে সিলটি নিখোঁজ হয়। এই ঘটনার ফলে সংশ্লিষ্ট বুথে ভোটগ্রহণের গতি কমে যায় এবং কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন ও চরম ভোগান্তির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও ভোটারদের ধারণা, ভোট দেওয়ার সময় কোনো নারী ভোটার সুযোগ বুঝে কৌশলে সিলটি নিয়ে কেন্দ্র ত্যাগ করেছেন। সিল হারানোর বিষয়টি জানাজানি হলে ওই বুথে ভোটদান সাময়িকভাবে থমকে যায়। কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ ভোটাররা দায়িত্বরত কর্মকর্তাদের তদারকিতে ঘাটতি রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওবায়দুর রহমান চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। সিলের অভাবে কিছুক্ষণ ভোটগ্রহণের গতি ধীর থাকলেও পরবর্তীতে বিকল্প সিল সংগ্রহের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। বর্তমানে ওই কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম পুনরায় স্বাভাবিক গতিতে চলছে বলে নিশ্চিত করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।
Copyright © 2026 All rights reserved.