প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
সপরিবারে ভোট দিলেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেওয়া এই শীর্ষ নেতাকে ঘিরে কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা ও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের বিশেষ নজর।
তারেক রহমান তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে সকাল ৯টা ৩৫ মিনিটে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। তাঁদের ভোটদান উপলক্ষে গুলশান এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দল সরকার গঠন করলে তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।
এই ভোটকেন্দ্রটি তারেক রহমানের বাসভবনের কাছে হওয়ায় সকাল থেকেই সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সংবাদকর্মী ভিড় করেন। তারেক রহমানের ভোটদান প্রক্রিয়া পর্যবেক্ষণে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিদেশি প্রতিনিধিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভোটের পর তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণের প্রশংসা করেন।
Copyright © 2026 All rights reserved.