প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার সকাল ৮টায় পেকুয়া জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দিয়েছেন। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তিনি একটি বিশেষ দলের ‘অতি উচ্চাকাঙ্ক্ষা’ ও অনৈতিক পন্থার সমালোচনা করে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু রাজনৈতিক দল যেকোনো মূল্যে ক্ষমতায় যেতে অনৈতিক পথ বেছে নিয়েছে। ব্যালট পেপার ছাপানোসহ বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, "বাংলাদেশের মানুষ এই অপসংস্কৃতি আর মেনে নেবে না।" তিনি নির্দিষ্ট কোনো দলের নাম না নিলেও দাবি করেন যে, নির্বাচনী অপরাধে জড়িত থাকায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে সাজাও দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও যোগ করেন, গণতান্ত্রিক চর্চা সব দলের মেনে চলা উচিত। ভিন্ন পথে ক্ষমতায় যাওয়ার উচ্চাভিলাষ দেশের মানুষ সফল হতে দেবে না। ভোটারদের কোনো ভয়ভীতি ছাড়া কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি কক্সবাজারের ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। তাঁর ভোট দেওয়া উপলক্ষে কেন্দ্রে সাধারণ মানুষের বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়।
Copyright © 2026 All rights reserved.