প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রথম সাড়ে চার ঘণ্টায় (দুপুর ১২টা পর্যন্ত) সারা দেশে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেন। কমিশনের তথ্যমতে, ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের হিসাব বিশ্লেষণ করে এই গড় হার পাওয়া গেছে।
ইসি সচিব জানান, সকাল থেকে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্র স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কিছু এলাকায় বিচ্ছিন্ন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও তা তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে। ভোটারদের জন্য কোনো নিরাপত্তা শঙ্কা নেই এবং ভোটদানের পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে তিনি দাবি করেন।
সারাদেশের সব কেন্দ্রের তথ্য হাতে এলে ভোটের এই হার আরও বাড়বে বলে আশা করছে কমিশন। বিশেষ করে দুপুরের পর ভোটার উপস্থিতি বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকে। উল্লেখ্য, এবারের নির্বাচনে ১২ কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে।
Copyright © 2026 All rights reserved.