প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে দায়িত্ব হারালেন আনসার সদস্য
গাইবান্ধা-৩ আসনের একটি ভোটকেন্দ্রে জামায়াতের প্রতীক 'দাঁড়িপাল্লা'র পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়ার অভিযোগে শরিফা বেগম নামে এক নারী আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পলাশবাড়ী মহিলা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। অভিযোগ ওঠার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে ওই সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় প্রশাসন।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, শরিফা বেগম ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের নির্দিষ্ট একটি প্রতীকে ভোট দিতে উদ্বুদ্ধ করছিলেন। বিষয়টি জানাজানি হলে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং অভিযুক্ত আনসার সদস্য একটি কক্ষে ঢুকে আত্মগোপন করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই ওই সদস্যকে কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। বর্তমানে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।
Copyright © 2026 All rights reserved.