প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক: ৩ বছরের কারাদণ্ড
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক বান্ডিল নমুনা ব্যালটসহ উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবুকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোটকেন্দ্রের সামনে শাপলা কলি প্রতীকে ভোট চাওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা তাঁকে ধরে প্রশাসনের হাতে তুলে দেন। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালত তাঁকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের গেটের সামনে থেকে সুকুমার দাসকে আটক করা হয়। অভিযোগ অনুযায়ী, তিনি একটি ভ্যানে করে নমুনা ব্যালট নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। সুকুমার নিজেকে ‘অভিযান নিউজ টিভি’ নামক একটি প্রতিষ্ঠানের সাংবাদিক হিসেবেও পরিচয় দিতেন।
ঘটনার পরপরই বিচারক রানা পারভেজ তাৎক্ষণিক আদালতে এই দণ্ডাদেশ ঘোষণা করেন। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ুর রহমান জানান, সাজাপ্রাপ্ত সুকুমারকে দ্রুত জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। নির্বাচনের দিন এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Copyright © 2026 All rights reserved.