প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
ভোটের দায়িত্বে থাকাকালে পোলিং অফিসারের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মুজাহিদুল ইসলাম উপজেলার পানিশ্বর ইউনিয়ন ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন। তিনি অডিটোরিয়াম কেন্দ্রের ৫১ নম্বর বুথে পোলিং অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন। ভোট চলাকালীন হঠাৎ অসুস্থ বোধ করলে সহকর্মীরা তাঁকে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তার এমন আকস্মিক মৃত্যুতে ওই কেন্দ্রের সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে তাঁর মৃত্যুর পর বিকল্প জনবল দিয়ে ওই কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.