প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
নাসীরুদ্দীন পাটওয়ারীদের পথরোধ করা অসম্ভব: নাহিদ ইসলাম
ঢাকা-০৮ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, হামলা বা সন্ত্রাস দিয়ে তাঁদের রাজনৈতিক পথচলা থামানো যাবে না। নাসীরুদ্দীন অভিযোগ করেছেন, রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থীর সমর্থকরা প্রশাসনের সহায়তায় ভোট ডাকাতি ও হামলা চালাচ্ছে।
নাহিদ ইসলাম তাঁর বার্তায় উল্লেখ করেন, ইতিহাস সাক্ষী যে কোনো আদর্শকে ভয় দেখিয়ে স্তব্ধ করা যায় না। বাধা যত আসবে, সাধারণ মানুষের সমর্থন তত সুদৃঢ় হবে। 'শাপলা কলি' প্রতীক নিয়ে জনতা এগিয়ে যাচ্ছে এবং ব্যালটের মাধ্যমেই এর চূড়ান্ত জবাব দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ তুলেছেন যে, প্রিজাইডিং অফিসার সরাসরি বিএনপির পক্ষ নিচ্ছেন। তিনি বলেন, "আমরা কেন্দ্রে প্রবেশ করার পর প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালানো হয়।" এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। হামলা সত্ত্বেও তাঁদের কর্মীরা মাঠ ছাড়বেন না বলে তিনি হুঁশিয়ারি দেন।
Copyright © 2026 All rights reserved.