প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলাটের চেষ্টা চলছে: মির্জা আব্বাস
ঢাকা-০৮ আসনের নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ওই আসনের প্রার্থী মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাহানপুর রেলওয়ে কলোনির মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি প্রতিপক্ষের অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে।
ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা আব্বাস বলেন, এখন পর্যন্ত তাঁর নির্বাচনী এলাকায় কোনো অস্বাভাবিক বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন। তবে কিছু পক্ষ মিথ্যা অভিযোগ তুলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছে, যা দুঃখজনক।
তিনি আরও যোগ করেন, সাধারণ মানুষের রায় ছিনিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। তাঁর মতে, যারা জনসমর্থন হারিয়েছে তারাই এখন পরাজয় নিশ্চিত জেনে নানা রকম ‘বানানো’ অভিযোগের আশ্রয় নিচ্ছে। ভোটের পরিবেশ শেষ পর্যন্ত বজায় রাখতে তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
Copyright © 2026 All rights reserved.