প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
ভোট গণনার আগেই স্বাক্ষর: নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই নির্ধারিত রেজাল্ট শিটে আগাম স্বাক্ষর ও সিল দিয়ে রাখার অভিযোগে নওগাঁর এক প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযুক্ত কর্মকর্তা নাজিম উদ্দীনকে তাৎক্ষণিক সরিয়ে নতুন একজনকে নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ চলাকালেই প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন ফলাফল শিটে নিজের স্বাক্ষর ও পদবি সম্বলিত সিল মেরে রেখেছিলেন। নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে গণনা সম্পন্ন করে তবেই ফলাফল শিট পূরণ ও স্বাক্ষর করার নিয়ম রয়েছে। ভোট শেষ হওয়ার আগেই এই কাজ করাকে কারচুপির পূর্ব-প্রস্তুতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
অভিযুক্ত কর্মকর্তা নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কাজের সুবিধার্থে ও সময় সাশ্রয়ের চিন্তা থেকে তিনি এমনটি করেছিলেন এবং এটি যে নিয়মবহির্ভূত তা তাঁর জানা ছিল না। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদীন বলেন, এটি স্পষ্ট অনিয়ম এবং অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে দ্রুত দায়িত্ব থেকে ক্লোজড করা হয়েছে। বর্তমানে ওই কেন্দ্রে নতুন প্রিজাইডিং কর্মকর্তার অধীনে ভোটগ্রহণ ও পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2026 All rights reserved.