প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
লক্ষ্মীপুরে দুপুর ২টা পর্যন্ত ৫১ শতাংশ ভোট
লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে শান্তিপুর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাছান জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত জেলায় গড়ে ৫১ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত জেলায় কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং ভোটারদের উপস্থিতি সন্তোষজনক।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুপুর ২টা পর্যন্ত লক্ষ্মীপুর-১ ও লক্ষ্মীপুর-২ আসনে ৫২ শতাংশ এবং লক্ষ্মীপুর-৩ ও লক্ষ্মীপুর-৪ আসনে ৫১ শতাংশ ভোট পড়েছে। নির্দিষ্ট কিছু কেন্দ্র পর্যবেক্ষণে দেখা যায়, রামগঞ্জের নোয়াগাঁও বাজার কেন্দ্রে ৪,৩৮৫ জন ভোটারের মধ্যে দুপুর আড়াইটা পর্যন্ত ২,৩০০ জন ভোট দিয়েছেন। অন্যদিকে, লক্ষ্মীপুর-৩ আসনের একটি কেন্দ্রে ৬ হাজার ভোটারের মধ্যে ১,৩০০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে। উল্লেখ্য, লক্ষ্মীপুরের ৪টি আসনে মোট ১৬ লাখ ৩৫ হাজার ৯৫৬ জন ভোটার রয়েছেন এবং ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিকেলের দিকে ভোটার উপস্থিতি আরও বাড়তে পারে বলে আশা করছে স্থানীয় প্রশাসন।
Copyright © 2026 All rights reserved.