প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
সুষ্ঠু নির্বাচনের বিশ্বমঞ্চে বাংলাদেশ: চট্টগ্রামের ডিসি
চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা দাবি করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বমঞ্চে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি জানান, নানা গুজব উপেক্ষা করে জনগণ উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন। চট্টগ্রামে বিকেল পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পড়তে পারে বলে তিনি অনুমান করছেন।
জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, "আমরা ভোটারদের কাছে একটি নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তা রক্ষা করতে পেরেছি।" তিনি জানান, চট্টগ্রামের ১৬টি আসনের কোথাও কোনো বড় ধরনের অনিয়ম বা সহিংসতার খবর পাওয়া যায়নি। বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধরে ভোট দেওয়ার চিত্রকে তিনি আগামীর বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন।
রিটার্নিং কর্মকর্তা আরও উল্লেখ করেন, দুটি ভোট (সংসদ নির্বাচন ও গণভোট) একসাথে হওয়ায় কোনো কোনো কেন্দ্রে ভোটগ্রহণে কিছুটা ধীরগতি ছিল, তবে তা বড় কোনো সমস্যা তৈরি করেনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকেও কোনো গুরুতর অভিযোগ আসেনি। দীর্ঘ কয়েক মাসের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
Copyright © 2026 All rights reserved.