প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
নির্বাচনে ২১টি অনিয়মের অভিযোগ এনসিপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে কেন্দ্র দখল ও সহিংসতাসহ মোট ২১টি সুনির্দিষ্ট অভিযোগ করা হয়। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এসব তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে এনসিপি নেত্রী অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে তাঁদের প্রার্থী ও সমর্থকদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। অনেক কেন্দ্রে পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া এবং সাধারণ ভোটারদের বদলে অন্য কেউ ভোট দিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। বিশেষ করে কেন্দ্র দখল এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
এনসিপির পক্ষ থেকে বলা হয়, এই অনিয়মগুলো নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে। তাঁরা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান। উল্লেখ্য, এনসিপি এবার ১১-দলীয় জোটের শরিক হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে এবং সকাল থেকেই বিভিন্ন আসনে তাদের প্রার্থীরা ভোট কারচুপির অভিযোগ করে আসছিলেন।
Copyright © 2026 All rights reserved.