প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
হাতিয়ায় নির্বাচনি সংঘাত: সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ভোটগ্রহণ চলাকালে ব্যাপক সহিংসতায় সাংবাদিক ও নারী নেত্রীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। ১১-দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের সমর্থকদের ওপর দফায় দফায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনসহ প্রার্থী আবদুল হান্নান মাসউদের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চরঈশ্বর ইউনিয়নে এনসিপি প্রার্থীর গাড়িবহরে হামলায় বিটিভি সাংবাদিক মিরাজ উদ্দিনকে কুপিয়ে জখম করা হয়। বেলা ১১টার দিকে বুড়িরচর ইউনিয়নে কেন্দ্র পরিদর্শনের সময় প্রার্থী আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীকে রড দিয়ে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। এছাড়া জাহাজমারা, সোনাদিয়া ও ওছখালী বাজারেও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বিকেল পর্যন্ত অন্তত ৩০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। এনসিপির দাবি, তাদের অর্ধশতাধিক নেতাকর্মী বিভিন্ন স্থানে হামলার শিকার হয়েছেন। তবে বিএনপি অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে যে, তাদের নেতাকর্মীরাও এনসিপির সমর্থকদের হামলার শিকার হয়েছেন। হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, কয়েকটি স্থানে উত্তেজনার খবর পাওয়া মাত্রই পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
Copyright © 2026 All rights reserved.