প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
ভালুকায় এজেন্টের ছেলেকে অপহরণ ও হত্যার হুমকি
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ভোটগ্রহণ চলাকালে এক স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের ছেলেকে অপহরণ করে হত্যার হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। কেন্দ্র থেকে পোলিং এজেন্টকে সরিয়ে দিতেই এই অপহরণের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী বাবা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজৈ ইউনিয়নের মধ্যরাজৈ এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কনক মধ্যরাজৈ বালিকা উচ্চ-বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পক্ষে এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। তিনি জানান, কেন্দ্রে ধানের শীষের সমর্থকদের অনিয়মের প্রতিবাদ করায় কিছুক্ষণ পরেই তাঁর ছেলের ফোন নম্বর থেকে একটি কল আসে। অপর প্রান্ত থেকে দুর্বৃত্তরা হুমকি দেয় যে, কনক অবিলম্বে কেন্দ্র ছেড়ে না গেলে তাঁর ছেলেকে হত্যা করা হবে। সন্তানের জীবনের ভয়ে তিনি দ্রুত কেন্দ্র ত্যাগ করেন।
এরপর থেকে ছেলের মোবাইল নম্বরে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কেউ ফোন রিসিভ করছে না বলে জানিয়েছেন কনক। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। ভালুকা থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি এখন পর্যন্ত তাঁর জানা নেই; তবে খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 All rights reserved.