প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
জনগণকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ও কৃতজ্ঞতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি বাংলাদেশের মানুষের অঙ্গীকার অটুট। তিনি একে 'নতুন বাংলাদেশের অভূতপূর্ব যাত্রা' হিসেবে অভিহিত করেছেন।
ভোটগ্রহণ শেষে দেওয়া এই বিশেষ বার্তায় প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমসহ নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, প্রার্থীদের সংযম এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ এই নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ উৎসবে পরিণত করেছে। ড. ইউনূস জোর দিয়ে বলেন, বাংলাদেশ আজ আবারও বিশ্বকে দেখিয়েছে যে জনগণই রাষ্ট্রের সব ক্ষমতার প্রকৃত উৎস।
বিবৃতিতে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি ফলাফল পরবর্তী সময়েও গণতান্ত্রিক শালীনতা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এই নির্বাচন মাইলফলক হয়ে থাকবে উল্লেখ করে তিনি নতুন সরকারের আগমনে সবাইকে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
Copyright © 2026 All rights reserved.