প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
সরকার গঠনে আশাবাদী জামায়াত: জুবায়ের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ আসনে জয়লাভ করে সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই আশাবাদ জানান। তিনি এই নির্বাচনকে দেশের ইতিহাসে 'অনন্য সাধারণ' বলে অভিহিত করেছেন।
সংবাদ সম্মেলনে জুবায়ের বলেন, বিচ্ছিন্ন কিছু অনিয়ম ও এজেন্টদের হয়রানির অভিযোগ থাকলেও সামগ্রিকভাবে দেশবাসী নির্বাচনটি উপভোগ করেছে। তিনি অভিযোগ করেন, কিছু আসনে তাদের পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বড় কোনো সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ শেষ হওয়া একটি ইতিবাচক দিক। এখন দেশবাসী একটি স্বচ্ছ ও শান্তিপূর্ণ ফলাফলের অপেক্ষায় আছে। জামায়াত নেতা দেশবাসীকে মোবারকবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে, জনগণের রায়ে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবেন।
Copyright © 2026 All rights reserved.