ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ দেখে অভিভূত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার
(১২ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, ভোট এবার এতটা উৎসবমুখর হবে তা ছিল অকল্পনীয়। দীর্ঘ ১৬ বছরের লড়াই শেষে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার ও সংসদ পেতে যাচ্ছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন মির্জা ফখরুল। এ সময় সাংবাদিকদের তিনি জানান, দিনভর শতাধিক কেন্দ্র ঘুরে তিনি ভোটারদের মধ্যে অভূতপূর্ব উচ্ছ্বাস ও আগ্রহ লক্ষ্য করেছেন। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব নিজের জয়ের ব্যাপারে দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, "আমার বিশ্বাস নির্বাচনে একটি ভালো ফলাফল আসবে।" তিনি মনে করেন, এই নির্বাচনের মাধ্যমেই জনগণের দীর্ঘদিনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে। উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে এবার ১২ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। জেলাজুড়ে প্রশাসনের কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।