প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
মালয়েশিয়ায় ২ কোটি টাকা হারালেন বাংলাদেশি যুবক
মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে জব্দ হওয়া ৭ লাখ ২৩ হাজার রিঙ্গিত (প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা) ফেরত পাওয়ার আইনি লড়াইয়ে চূড়ান্তভাবে হেরে গেছেন সালমান আহমদ চৌধুরী (৩২) নামে এক বাংলাদেশি যুবক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশটির উচ্চ আদালত নিম্ন আদালতের দেওয়া অর্থ বাজেয়াপ্তকরণের আদেশ বহাল রাখলে সালমানের সব দাবি নাকচ হয়ে যায়। অর্থের সঠিক উৎস প্রমাণ করতে ব্যর্থ হওয়া এবং আইনি সময়সীমা পার হওয়ার কারণে আদালত এই রায় দেন।
২০২৪ সালের জানুয়ারিতে একটি বিশেষ অভিযানে সালমানের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও একাধিক পাসপোর্ট উদ্ধার করা হয়েছিল। তিনি পেশায় একজন পরিচ্ছন্নতাকর্মী হলেও ভিসার শর্ত লঙ্ঘন করে অন্য কাজে লিপ্ত ছিলেন। সেই সময় সেশন কোর্টে দোষ স্বীকার করায় তাকে জরিমানা ও দেশে ফেরত পাঠানোর (ডিপোর্ট) নির্দেশ দেওয়া হয়। সালমান তখন কোনো আপিল না করেই বাংলাদেশে ফিরে আসেন।
পরবর্তীতে ২০২৫ সালে তিনি আইনি লড়াই শুরু করলে আদালত পর্যবেক্ষণ করেন যে, জব্দকৃত অর্থের সঙ্গে তার অপরাধমূলক কর্মকাণ্ডের যোগসূত্র রয়েছে। এছাড়া বাজেয়াপ্তকরণের দীর্ঘ এক বছর পর আপিল করায় তা গ্রহণযোগ্য হয়নি। এই ঘটনায় সালমানের সাবেক নিয়োগকর্তা প্রতিষ্ঠানকেও অবৈধ নিয়োগের দায়ে জরিমানা করা হয়েছে। উচ্চ আদালতের এই রায়ের ফলে সালমানের বিশাল অংকের টাকা ফিরে পাওয়ার শেষ আশাটুকুও শেষ হয়ে গেল।
Copyright © 2026 All rights reserved.