প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
সাভারে ৯টি কেন্দ্রে এগিয়ে ধানের শীষ
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নির্বাচনী লড়াইয়ের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষে ২৭৫টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪২৩ ভোটের ব্যবধানে তিনি সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
প্রাপ্ত ৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির 'ধানের শীষ' প্রতীকের সালাউদ্দিন বাবু পেয়েছেন ৩,৭৬৯ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী দিল শানা পারুল 'শাপলা কলি' প্রতীক নিয়ে সংগ্রহ করেছেন ৩,৩৪৬ ভোট। আসনটিতে মোট ২৭৫টি কেন্দ্র রয়েছে, যার বাকি ফলাফলগুলো পর্যায়ক্রমে আসার অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ ও প্রার্থীরা।
সকাল থেকেই সাভার ও আশুলিয়ার কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে; অনেক কেন্দ্রে উপস্থিতির হার ৬০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে বড় কোনো সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, শুক্রবার সকালের মধ্যে সারা দেশের পূর্ণাঙ্গ ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
Copyright © 2026 All rights reserved.