প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশে ৫৯.৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে ১২ কোটিরও বেশি মানুষের অংশগ্রহণের সুযোগ ছিল।
ইসির তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তবে শেষ মুহূর্তে শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেই আসনের ভোট স্থগিত করা হয়। ফলে ২৯৯টি আসনে ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন ভোটারের মধ্যে ৫৯.৪৪ শতাংশ জনতা ব্যালটের মাধ্যমে তাদের রায় দিয়েছেন।
বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই দেশজুড়ে ফলাফল গণনা শুরু হয়। ইতোমধ্যে অধিকাংশ আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে, যেখানে বিএনপি ও তাদের জোট বড় ব্যবধানে এগিয়ে থেকে নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে। এর মধ্যে দলীয় প্রধান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে জয়লাভ করেছেন। আনুষ্ঠানিক ও চূড়ান্ত ফলাফল আজ বিকেলের মধ্যে কমিশন থেকে ঘোষণা করার কথা রয়েছে।
Copyright © 2026 All rights reserved.