প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
চট্টগ্রামের দুই আসনের ফল স্থগিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেও চট্টগ্রামের দুটি আসনের ফল স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আসন দুটি হলো চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় আইনি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই দুই আসনের ফলাফল ঘোষণা করা যাবে না।
নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ সফলভাবে সম্পন্ন হলেও আইনি জটিলতার কারণে চট্টগ্রামের ওই দুটি আসনের গেজেট প্রকাশ এখনই সম্ভব হচ্ছে না। এছাড়া শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে আগে থেকেই ভোট স্থগিত ছিল। বাকি ২৯৭টি আসনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
ইসি সানাউল্লাহ সংবাদ সম্মেলনে বলেন, "একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনের শতভাগ চেষ্টা ছিল। এই ভোটের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।" তিনি এই নির্বাচনকে আগামী দিনের গণতান্ত্রিক যাত্রার জন্য একটি 'পাথেয়' হিসেবে উল্লেখ করেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে দেশের ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল এবং বর্তমানে দেশজুড়ে নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে।
Copyright © 2026 All rights reserved.