প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
বিএনপিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এই বিজয়কে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তিনি একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশের মানুষ নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যালটের মাধ্যমে তাদের রায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তিনি ড. মুহাম্মদ ইউনূসকে তাঁর ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে এই রূপান্তরকালীন সময়ে তাঁর ভূমিকার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে অত্যন্ত আগ্রহী। এই নতুন সূচনার মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন গতির সঞ্চার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, তিনি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা পৌঁছে দেন।
Copyright © 2026 All rights reserved.