প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
সংসদে যাচ্ছেন ৭ নারী: নেতৃত্বে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে ২০ বছর পর পুনরায় ক্ষমতায় ফিরছে বিএনপি। এবার সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন ৭ জন নারী প্রার্থী। এর মধ্যে ৬ জনই বিএনপির মনোনীত এবং ১ জন স্বতন্ত্র প্রার্থী। তারেক রহমানের নেতৃত্বে এই নতুন সরকার গঠনের মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর দেশে কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব নিতে যাচ্ছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বিজয়ী নারী সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা। ফরিদপুর থেকে নির্বাচিত হয়েছেন শামা ওবায়েদ (ফরিদপুর-২) ও নায়াব ইউসুফ কামাল (ফরিদপুর-৩)। এছাড়া নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন। এই তালিকায় আরও রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
এখন পর্যন্ত ২৮৯টি আসনের বেসরকারি ফলাফলে বিএনপি ও তাদের জোট ২১০টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। আগামী সপ্তাহে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। নারী প্রার্থীদের এই উল্লেখযোগ্য জয় আগামী সংসদে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
Copyright © 2026 All rights reserved.