প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
সমুদ্রে দুই মার্কিন যুদ্ধজাহাজের সংঘর্ষ
দক্ষিণ আমেরিকার উপকূলীয় জলসীমায় জ্বালানি সংগ্রহের মহড়া চলাকালে মার্কিন নৌবাহিনীর দুটি শক্তিশালী জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নাবিক সামান্য আহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রুশ সংবাদমাধ্যম আরটি এই খবর নিশ্চিত করেছে। দুর্ঘটনার শিকার জাহাজ দুটি হলো গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ট্রক্সটান এবং সাপোর্ট শিপ ইউএসএনএস সাপ্লাই।
মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, গত বুধবার নিয়মিত 'রিপ্লেনিশমেন্ট-অ্যাট-সি' (চলমান অবস্থায় জ্বালানি ও সরঞ্জাম স্থানান্তর) কার্যক্রম চলাকালে এই বিপত্তি ঘটে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রক্সটান জাহাজটি সাপ্লাই জাহাজটির খুব কাছে চলে এসে ধাক্কা দিচ্ছে।
ইউএস সাউদার্ন কমান্ড নিশ্চিত করেছে যে, আহত দুই নৌসদস্য বর্তমানে স্থিতিশীল রয়েছেন। সংঘর্ষের পর জাহাজ দুটিতে বড় ধরনের কোনো ত্রুটি দেখা দেয়নি এবং সেগুলো এখনো সচল রয়েছে। তবে ঠিক কী কারণে এই সংঘর্ষ ঘটলো এবং এর পেছনে কারো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে মার্কিন নৌবাহিনী।
Copyright © 2026 All rights reserved.