নিজস্ব প্রতিনিধি: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে হেভিওয়েট প্রার্থী হওয়া সত্ত্বেও ভরাডুবির শিকার হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নির্বাচনে ‘কেটলি’ প্রতীকে তিনি মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়েছেন। প্রয়োজনীয় নূন্যতম ভোট না পাওয়ায় বিধি অনুযায়ী তাঁর নির্বাচনি জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মীর শাহে আলম।
নির্বাচন কমিশনের তথ্যমতে, বগুড়া-২ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি। নিয়ম অনুযায়ী, জামানত রক্ষায় একজন প্রার্থীকে মোট ভোটের অন্তত ১২.৫ শতাংশ (অর্থাৎ ৩০ হাজার ৪৭৬ ভোট) পেতে হয়। কিন্তু মান্না পেয়েছেন মোট ভোটের মাত্র ১.৪ শতাংশ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি আসনটি ছেড়ে না দিয়ে নিজেদের প্রার্থী মীর শাহে আলমকে মনোনয়ন দেওয়ায় মান্না ভোটের মাঠে একাকী হয়ে পড়েন। ফলাফল অনুযায়ী, বিএনপির মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩,৫৪৮ ভোট। ভোটের লড়াইয়ে বড় দলগুলোর মেরুকরণের ভিড়ে নাগরিক ঐক্যের প্রতীক সেভাবে প্রভাব ফেলতে পারেনি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মাহমুদুর রহমান মান্নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
কাওছার মিয়া দিপু/রাজধানী