প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১
উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছেে।এতে সোনা বানু নামের এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। আগুনে অন্তত ৪০টি ঝুপড়িঘর পুড়ে গেছে। এতে করে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন কয়েক হাজার রোহিঙ্গা বাসিন্দা।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই–৫ ও ই–১৪ ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, গভীর রাতে আগুনের লেলিহান শিখা যখন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে তখন ঘুমন্ত বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। জীবন বাঁচাতে এদিক-সেদিক ছুটোছুটি শুরু করে সবাই । এসময় সৃষ্ট হুড়োহুড়ি ও ধস্তাধস্তিতে প্রথমে গুরুতর আহত হলেও পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোনা বানুর।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ই–১৪ ব্লকে অবস্থিত একটি এনজিও ফোরামের কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি ঝুপড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
Copyright © 2026 All rights reserved.