প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
আজই প্রকাশ হচ্ছে ২৯৭ আসনের গেজেট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের গেজেট আজ শুক্রবারই (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আখতার আহমেদ বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে সারা দেশে ভোটার উপস্থিতির হার ছিল ৫৯.৪৪ শতাংশ। গেজেট প্রকাশের পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হবে।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হলেও বর্তমানে ২৯৭টি আসনের ফলাফল চূড়ান্ত। আদালতের স্থগিতাদেশের কারণে চট্টগ্রামের দুটি আসনের ফল এখনই প্রকাশিত হচ্ছে না। এছাড়া এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট আগে থেকেই স্থগিত ছিল। গেজেট প্রকাশের সকল প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে।
সচিব জানান, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দীর্ঘ ১৮ মাস পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। বিদেশি পর্যবেক্ষকরাও সামগ্রিক নির্বাচনী পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। গেজেট প্রকাশের মাধ্যমে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক পথ আরও প্রশস্ত হলো।
Copyright © 2026 All rights reserved.