প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
তারেক রহমানের প্রতিশ্রুতি পূরণই মূল লক্ষ্য: টুকু
সিরাজগঞ্জ-২ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করাই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বিজয়ে অতি-উল্লাস না করে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, "এই বিজয় দেশের মানুষ আমাদের দিয়েছেন তাঁদের জন্য কাজ করতে। তারেক রহমান জনগণের কাছে যে রূপরেখা দিয়েছেন, মানুষ তা গ্রহণ করেছে বলেই বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করেছে।" তিনি আরও উল্লেখ করেন যে, এই বিশাল বিজয়ের ফলে জনগণের প্রতি তাঁদের দায়িত্ব অনেক বেড়ে গেছে।
সিরাজগঞ্জ শহরকে নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে টুকু বলেন, শহরকে বাসযোগ্য করতে হলে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে চাঁদাবাজি বন্ধ করে কঠোর শৃঙ্খলার আওতায় আনা হবে শহরকে। এছাড়া শহরের মধ্য দিয়ে প্রবাহিত কাটাখালি খালকে দৃষ্টিনন্দন করার পরিকল্পনার কথাও তিনি ব্যক্ত করেন। এসব উন্নয়নমূলক কাজে তিনি দলমত নির্বিশেষে শহরের সকল বাসিন্দার সহযোগিতা কামনা করেন।
Copyright © 2026 All rights reserved.