প্রকাশের তারিখঃ Feb 14, 2026 ইং
ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ: চাঁপাইনবাবগঞ্জে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে পাঠাপাড়া গ্রামের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাঠাপাড়া গ্রামের মো. কালামের বাড়িতে ভোরে গোপনে ককটেল তৈরির কাজ চলছিল। এসময় হঠাৎ শক্তিশালী বিস্ফোরণ ঘটলে বাড়ির ইটের দেয়াল ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মৃত্যু হয়। নিহতদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাঁদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিস্ফোরণে গুরুতর আহত মিনহাজ (৫২), বজলুর রহমান (২০) ও শুভকে (২০) প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
Copyright © 2026 All rights reserved.