প্রকাশের তারিখঃ Feb 14, 2026 ইং
তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের বিপুল বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। অভিনন্দন বার্তায় তিনি জনগণের এই সুস্পষ্ট রায়কে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক 'গুরুত্বপূর্ণ মাইলফলক' হিসেবে অভিহিত করেছেন।
প্রধান উপদেষ্টা তাঁর বার্তায় তারেক রহমানের প্রজ্ঞা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আস্থা প্রকাশ করে বলেন, জনগণের এই রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। তিনি আরও উল্লেখ করেন যে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে যাবে। একই সাথে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও নেতৃত্বের কথা স্মরণ করে আশা প্রকাশ করেন যে, তাঁদের দর্শন তারেক রহমানের আগামী দিনের পথচলাকে আলোকিত করবে।
শুভেচ্ছা বার্তায় অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের সময়কালে বিএনপির গঠনমূলক ভূমিকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ আজ এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে। অর্থনৈতিক সংস্কার, প্রযুক্তিগত অগ্রগতি এবং আন্তর্জাতিক কূটনীতিতে মেধা ও প্রজ্ঞার সমন্বয়ে দেশ এগিয়ে যাবে। পরিশেষে, তিনি দেশের মানুষের কল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তারেক রহমানের সকল উদ্যোগের সাফল্য এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
Copyright © 2026 All rights reserved.