প্রকাশের তারিখঃ Feb 14, 2026 ইং
বুধবারের মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ: প্রস্তুতি নিচ্ছে সচিবালয়
আগামী তিন থেকে চার দিনের মধ্যে অর্থাৎ আগামী বুধবারের (১৮ ফেব্রুয়ারি) মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শপথ অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং যে কোনো সময় নির্দেশ পেলে তা আয়োজন করা সম্ভব।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, "আমরা আশা করছি আগামী তিন-চার দিনের মধ্যে শপথ গ্রহণ সম্পন্ন হবে। তবে যদি আমাদের আগামীকাল বা পরশু আয়োজন করতে বলা হয়, আমাদের সেই প্রস্তুতিও রাখা আছে।" নতুন মন্ত্রীদের শপথ কে পড়াবেন—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি সংসদ সচিবালয় দেখভাল করছে। তবে নিয়ম অনুযায়ী স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি কিংবা প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে যে কেউ এই শপথ বাক্য পাঠ করাতে পারেন।
শপথ অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে তিনি আরও জানান, এবার প্রায় ১ হাজার দেশি-বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। বঙ্গভবন বা নির্ধারিত ভেন্যুতে এই জমকালো অনুষ্ঠানের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন সবার নজর নতুন মন্ত্রিসভার আকার ও সদস্যদের দিকে।
Copyright © 2026 All rights reserved.