প্রকাশের তারিখঃ Feb 14, 2026 ইং
তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শেহবাজ শরিফের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) টেলিফোনে আলাপকালে তিনি তারেক রহমানকে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। জবাবে তারেক রহমানও শেহবাজ শরিফকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
পাকিস্তান হাইকমিশন সূত্রে জানা গেছে, অত্যন্ত আন্তরিক পরিবেশে দুই নেতার মধ্যে এই ফোনালাপ সম্পন্ন হয়। আলাপকালে তাঁরা দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা স্মরণ করেন। বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়কালীন দুই দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের অবদানের প্রতি শ্রদ্ধা জানান শেহবাজ শরিফ। উল্লেখ্য, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে চারবার পাকিস্তান সফর করেছিলেন, যা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল।
আলাপকালে দুই দেশের সার্বভৌমত্ব ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক শান্তি ও অগ্রগতির লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে দুই নেতা একমত হন। তারেক রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের কল্যাণে ও আঞ্চলিক স্থিতিশীলতায় দুই দেশের ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা জরুরি। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন সরকারের আগমনে দক্ষিণ এশীয় রাজনীতিতে এবং মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা যুক্ত হতে যাচ্ছে।
Copyright © 2026 All rights reserved.