প্রকাশের তারিখঃ Feb 14, 2026 ইং
ক্যারিবিয়ান সাগরে মার্কিন মিসাইল হামলা: নিহত ৩
মাদকবিরোধী অভিযানের নামে ক্যারিবিয়ান সাগরে আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এই মিসাইল হামলায় একটি নৌযান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড এই অভিযান পরিচালনা করলেও নিহতদের অপরাধী হওয়ার বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ তাৎক্ষণিকভাবে দেওয়া হয়নি।
মার্কিন কর্তৃপক্ষ হামলার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় সাগরে একটি নৌযান লক্ষ্য করে ছোড়া মিসাইলটি আঘাত হানার পর ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই ধরনের সামরিক পদক্ষেপকে মাদক কারবারিদের দমনে কার্যকর বলে দাবি করেছেন। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলো এই অভিযানকে 'বিচারবহির্ভূত হত্যাকাণ্ড' হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত ১৩৩ জন প্রাণ হারিয়েছেন। সমালোচকদের মতে, আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে সমুদ্রে সরাসরি গুলি বা মিসাইল চালিয়ে মানুষ হত্যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। প্রেসিডেন্ট ট্রাম্প একে মাদক কারবারিদের বিরুদ্ধে ‘সশস্ত্র যুদ্ধ’ হিসেবে ঘোষণা দিয়ে এ ধরনের হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। এ ঘটনায় ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে।
Copyright © 2026 All rights reserved.