প্রকাশের তারিখঃ Feb 14, 2026 ইং
মেম্বর থেকে সংসদ ভবনে: চমক দেখালেন ইমাম আবুল হাসান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে এক অভাবনীয় বিজয় অর্জন করেছেন ১১-দলীয় জোটের প্রার্থী মুফতি মোহাম্মদ আবুল হাসান। পেশায় একজন মসজিদের ইমাম ও শিক্ষক হয়েও তিনি হেভিওয়েট প্রার্থীদের হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 'দেয়াল ঘড়ি' প্রতীকে তিনি পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেজুর গাছ প্রতীকের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। জকিগঞ্জের এই প্রবীণ ইমামের জয় এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
৫৯ বছর বয়সী মুফতি আবুল হাসান গত ২০০০ সাল থেকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ তিন দশকের শিক্ষকতা জীবনের পাশাপাশি তিনি খেলাফত মজলিসের রাজনীতির সাথেও যুক্ত। নির্বাচনের বিশাল জয়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করে মিম্বরের পবিত্রতা বজায় রেখে এখন তিনি সংসদ ভবনে আর্তমানবতার সেবা করতে চান।
জকিগঞ্জ ও কানাইঘাটের অবহেলিত জনপদকে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন এই নবনির্বাচিত সংসদ সদস্য। তিনি জানিয়েছেন, বিশেষজ্ঞ ও স্থানীয় জনগণের পরামর্শ নিয়ে শিক্ষা, যোগাযোগ এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। তাঁর এই বিজয় প্রমাণ করে যে, সাধারণ মানুষের আস্থা ও সততা থাকলে যেকোনো অবস্থান থেকেই দেশের সেবায় নেতৃত্ব দেওয়া সম্ভব।
Copyright © 2026 All rights reserved.