প্রকাশের তারিখঃ Feb 14, 2026 ইং
শ্রীলঙ্কানদের হারিয়ে বাংলাদেশের মেয়েদের জয়রথ শুরু
উদীয়মান নারী এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৪ রানে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। ব্যাংককে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১১৫ রানে অলআউট হয়। জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রানে থামে লঙ্কানদের ইনিংস। শেষ ওভারের নাটকীয়তায় জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৪৮ রান তুলে দারুণ সূচনা করেন ইশমা তানজিম ও শামীমা সুলতানা। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহের সুযোগ হাতছাড়া হয়। ইশমা ২৫ বলে সর্বোচ্চ ৩০ রান এবং শারমিন সুলতানা ২৯ রান করেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ২০ ওভারে ১১৫ রানেই গুটিয়ে যায়।
রান তাড়ায় লঙ্কান ব্যাটার হানসিমা করুনারত্নে লড়াই চালালেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ ২ ওভারে জয়ের জন্য ২১ রান প্রয়োজন থাকলেও বাংলাদেশি বোলারদের দৃঢ়তায় তারা মাত্র ১৬ রান তুলতে সক্ষম হয়। বাংলাদেশের পক্ষে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন সানজিদা আক্তার মেঘলা, তিনি একাই নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া ফাহিমা খাতুন ও লতা মন্ডল ২টি করে উইকেট শিকার করে দলের জয় নিশ্চিত করেন।
Copyright © 2026 All rights reserved.