প্রকাশের তারিখঃ Feb 14, 2026 ইং
এপস্টেইনকাণ্ডে ডিপি ওয়ার্ল্ড প্রধানের পদত্যাগ
যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য ফাঁস হওয়ায় পদত্যাগ করেছেন ডিপি ওয়ার্ল্ডের প্রভাবশালী প্রধান সুলতান আহমেদ বিন সুলায়েম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইভিত্তিক এই লজিস্টিক জায়ান্ট নিশ্চিত করেছে যে, সুলায়েম চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। শত শত ইমেইল আদান-প্রদানের তথ্য প্রকাশ্যে আসার পর তীব্র চাপের মুখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সাল থেকে জেফরি এপস্টেইনের সঙ্গে সুলায়েমের নিয়মিত যোগাযোগ ছিল। ফাঁস হওয়া ইমেইলগুলো থেকে জানা যায়, তাঁদের মধ্যে ব্যবসা ও রাজনীতি ছাড়াও ব্যক্তিগত স্বাস্থ্য এবং কুরুচিপূর্ণ কৌতুক নিয়ে আলাপ হতো। এই বিতর্কিত সম্পর্কের খবর ছড়িয়ে পড়ার পরপরই তাৎক্ষণিকভাবে সুলায়েমের পদত্যাগ কার্যকর করা হয়েছে এবং ডিপি ওয়ার্ল্ডের ওয়েবসাইট থেকে তাঁর ছবিও সরিয়ে ফেলা হয়েছে।
সুলায়েমের উত্তরসূরি হিসেবে ডিপি ওয়ার্ল্ডের নতুন চেয়ারম্যান পদে এসা কাজিম এবং প্রধান নির্বাহী হিসেবে ইউভরাজ নারায়ণের নাম ঘোষণা করা হয়েছে। ছয়টি মহাদেশে বিস্তৃত বন্দর ব্যবসার এই বিশাল প্রতিষ্ঠানে সুলায়েমের এমন প্রস্থান বিশ্ব বাণিজ্য ও করপোরেট মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
Copyright © 2026 All rights reserved.