প্রকাশের তারিখঃ Feb 14, 2026 ইং
নতুন মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব
সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি জানান, নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হয়েছে এবং আগামী তিন দিনের মধ্যে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচন ও রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে নতুন মন্ত্রিসভা শপথ নেবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। অনুষ্ঠানের জন্য প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। তবে মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত হবে, তা সম্পূর্ণ নির্ভর করবে হবু প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর। আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে।
শপথের সুনির্দিষ্ট তারিখ প্রসঙ্গে সচিব বলেন, সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি তাকে সরকার গঠনের আহ্বান জানাবেন। এরপর সুবিধাজনক সময়ে শপথ অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করছেন, আগামী তিন থেকে চার দিনের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হলেও সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী তিনিই নতুন সরকারকে শপথ পাঠ করাবেন।
Copyright © 2026 All rights reserved.